প্রচ্ছদ জাতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যে ঢাকা আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যে ঢাকা আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের জেরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অযাচিত শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সভাপতি মো: আব্দুল আলিম।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

দুঃখ প্রকাশ করে মো: আব্দুল আলিম জানান, গত ৪ আগস্ট সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারধর করে হল থেকে বের করে দেয় বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরবর্তীতে অস্ত্রসহ হলে অবস্থান এবং হলের আশপাশে শিক্ষার্থীদের মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

ঘটনার পর থেকে চারদিন ধরে তিনি এবং সাধারণ শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান করছেন বলে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনেক শিক্ষার্থীর অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিনি জানান, পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে আজ দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও, এমনকি দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মাদ্রাসায় প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এতে চরম ক্ষোভ, হতাশা ও মানসিক চাপের মধ্যে তিনি অসচেতনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা বলা তার উচিত হয়নি বলে উল্লেখ করেন।

ঢাকা আলিয়ার শিবির সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার বক্তব্যের শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওই পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করা আমার উচিত হয়নি।’

তবে নিজের বক্তব্যের শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মূল সমস্যাগুলোরও সমাধান দাবি করেন। শিক্ষার্থীদের মূল প্রশ্নের সমাধান চান আব্দুল আলিম। তিনি বলেন, ‘আমার বক্তব্যের অনভিপ্রেত শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের মূল প্রশ্নগুলো এখনো রয়ে গেছে—কেন সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হলো? কেন তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো না? কেন শিক্ষার্থীরা এখনো নিজেদের হলে নিরাপদে প্রবেশ করতে পারছে না?’

প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে দাবি জানিয়ে আব্দুল আলিম আরও বলেন, গত ৪ আগস্টের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হল থেকে বের করে দেওয়া, অস্ত্রসহ হলে অবস্থান এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগেরও তদন্ত করে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ হলে ফিরিয়ে দিয়ে অবিলম্বে স্বাভাবিক আবাসিক, শিক্ষাবান্ধব ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। “আমরা সংঘাত নয়, নিরাপদ শিক্ষার পরিবেশ চাই”

মো: আব্দুল আলিম তার পোস্টে বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে হলে ফিরুক, নিয়মিত পড়াশোনা করুক এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করুক। কোনো পক্ষের প্রতি পক্ষপাত নয়; ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই আমাদের প্রত্যাশা।’

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে হলে ফিরিয়ে দিয়ে তাদের শিক্ষা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।