প্রচ্ছদ জাতীয় ইমাম-মুয়াজ্জিনের থেকে চাঁদা আদায়, বিএনপির দুই নেতা বহিস্কার

ইমাম-মুয়াজ্জিনের থেকে চাঁদা আদায়, বিএনপির দুই নেতা বহিস্কার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হারুন ও ইউছুফকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন। একই সঙ্গে বিষয়টি লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে জানানো হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে হারুন ও ইউছুফের বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পর তিনি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনাটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই দলীয় পদ থেকে তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খোরশেদ আলম আরও বলেন, অভিযুক্ত দুই নেতা দাবি করেছেন, টাকা মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে তদন্তে তাদের দুজনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হারুন অর রশিদ ও মো. ইউছুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির পক্ষ থেকে এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।