প্রচ্ছদ জাতীয় বিএনপি নেতার দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

বিএনপি নেতার দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে নিজেকে উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা হওয়ার কারণে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশে আজাদ হোসেনের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, থানা কম্পাউন্ডে মারধরের অভিযোগ এনে গত ২৬ জুলাই আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার। একই দিনে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। এ দুটো মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।