
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগকে এখনই রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, তা সরকারের কাছে জানতে হবে। সরকারের নিজ দায়িত্বে তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে হওয়া রায়ের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে বিচার অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলেও জানান।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলটি এখন রাজনীতিতে ফেরার উপযুক্ত নয়। তার দাবি, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মানুষ হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। এসব ঘটনায় দলটির পক্ষ থেকে এখনো যথাযথ অনুশোচনা বা দুঃখ প্রকাশ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। একই সঙ্গে গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় শেষে বাগেরহাট আলী মাদ্রাসার রোকন সম্মেলনে যোগ দেন জামায়াত আমির। পরে নেতাকর্মীদের সঙ্গে ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।
সূত্র : বাংলা ভিশন













































