প্রচ্ছদ জাতীয় লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

বরিশালের উজিরপুরে বাঁশ ও সুপারি গাছ দিয়ে নির্মিত একটি সাঁকো উদ্বোধনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনা তৈরি হয়েছে। পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের উদ্যোগে নির্মিত এই সাঁকো ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ‘টেক ব্যাক বাংলাদেশ’ কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়। বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি এ সাঁকোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে লাল ফিতা কেটে সাঁকোর কার্যক্রম শুরু করা হয়। এ সময় স্থানীয়রা বেলুন ও ফুল নিয়ে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

সংশ্লিষ্টরা জানান, শহিদুল ইসলাম খানের প্রচেষ্টায় সাঁকোটি নির্মাণ সম্ভব হয়েছে, যা এলাকার মানুষের চলাচলে সাময়িক সুবিধা দেবে। তবে এই উদ্যোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

অনেকেই এটিকে ‘উন্নয়নের নামে লোক দেখানো’ উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন- এ ধরনের অস্থায়ী কাঠামো দিয়ে স্থানীয় যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব কি না।

সাঁকোর উদ্বোধনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে এ উদ্যোগের যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে এখনো পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।