
মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মহল গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই বছর ধরে নানা ধরনের অপবাদ ও প্রচারের শিকার হচ্ছেন আসিফ মাহমুদ। তবে এখন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তার কাছে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করে অভিযোগের প্রমাণ এবং কার কাছে, কখন ও কীভাবে অর্থ দাবি করা হয়েছে সে বিষয়ে তথ্য চাওয়া হয়।
তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না দিয়ে তিনি শুধু ‘এমনটাই বলা হয়েছে’ বলে জানান বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। পরে তথ্য দেওয়ার কথা বললেও তিনি আর যোগাযোগ করেননি। এ কারণে তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছে আসিফ মাহমুদের পক্ষ।
আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না হলে প্রচলিত আইনে মানহানির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ভবিষ্যতে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের যেকোনো প্রচেষ্টার জবাব আইনি প্রক্রিয়ায় দেওয়া হবে।













































