
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কথিত ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। এ দাবির সমর্থনে একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
ওবায়দুল কাদেরকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বর্তমানে যুক্তিতর্ক পর্যায় চলছে।
এর আগে, চলতি বছরের ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে।










































