
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে নীরব ইমন নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে হিলাগাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, কর্মসংস্থানের লক্ষ্যে নীরব ইমন প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং এ নিয়ে বিভিন্ন পরিকল্পনাও করেছিলেন। তবে তার আগেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন। সেখানে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা উল্লেখ করেছিলেন বলে জানা গেছে। পোস্টটির বিষয়বস্তুও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের দাবি, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল, যা পরে সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













































