প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী নির্বাচনসহ পুরো প্রক্রিয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, “সবশেষে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন এবং নির্বাচনসংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।”

বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, দলের স্থায়ী কমিটির বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে প্রার্থী বাছাইয়ের বিষয়টি দলের সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি বা প্রার্থীর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মির্জা ফখরুল।

রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলমান থাকার মধ্যে বিএনপির পক্ষ থেকে এ দায়িত্ব দলের চেয়ারম্যানের হাতে দেওয়ার বিষয়টি সামনে এলো। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।