
দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য গুলিতে নিহত যুবদলকর্মী মোহাম্মদ মুজিব (৫৭) হত্যা মামলার দ্বিতীয় আসামি মোহাম্মদ রাশেদ প্রকাশ ‘জাইস্যা’কে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
শনিবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলার এক নম্বর আসামী মো. নাঈম এবং তিন নম্বর আসামি মো. শুভকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
মুজিবের ছোট ভাই মো. আনোয়ার বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য আমরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছি। আজ দ্বিতীয় আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মুজিব হত্যা মামলার অভিযুক্ত দ্বিতীয় আসামি মোহাম্মদ রাশেদ ওরফে জাইস্যাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে জানিয়েছে পুলিশ।
উল্লেক্ষ্য, গত ২৬ ফেব্রুয়ারি পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে ইউনিয়ন পরিষদের পাশেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ মুজিব। তিনি পেশায় ঘটক ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পরিবারের দাবি।










































