
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি হামলাকারীর পরিচয় প্রকাশ করেন।
পোস্টে হামলার সময়কার একটি ছবি শেয়ার করে সারজিস লেখেন, যে সন্ত্রাসীর হামলায় আমাদের ভাই আলিফের একটি চোখ সারাজীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে তার নাম-নাজমুল হাসান অনি। সদস্য সচিব, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি লেখেন, বিচার কি হবে?
এদিকে হামলায় আহত ওই ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর বাম চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না বলে জানিয়েছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, আলিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটি চোখ চিরতরে আলো হারিয়েছে। ডান চোখটি ভালো আছে। এখন তাকে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে স্টাফ কোয়ার্টার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সার্কিট হাউসে পৌঁছে যান।
এর কিছুক্ষণ পর পেছনে থাকা সারজিস আলমের গাড়িকেও ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তার গাড়ি শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
এনসিপির নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস সার্কিট হাউসে প্রবেশ করলে হামলাকারীরা সেখানে ঢুকে গাড়ি ভাঙচুর করে। এ সময় সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়।













































