প্রচ্ছদ জাতীয় ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেনস্তার শিকার ডাকসু নেতা এ...

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেনস্তার শিকার ডাকসু নেতা এ বি জুবায়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির হেনস্তা, অশালীন গালিগালাজ এবং পরে অনলাইন বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর পরিবাগ সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান। তিনি দাবি করেন, তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির পতিতাবৃত্তি–সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়েই তিনি হেনস্তার শিকার হন। একপর্যায়ে তার ওপর হামলার চেষ্টা হলে এ বি জুবায়ের সহযোগিতার জন্য এগিয়ে যান।

পরে শাহবাগ থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধারের উদ্যোগ নেন জুবায়ের। এ সময় তিনিও তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির সম্মিলিত হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে এ বি জুবায়ের বলেন, তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরিবাগ ব্রিজে সংবাদ সংগ্রহে যাওয়ার আগে তিনি শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং ঘটনাস্থলে আসতে অনুরোধ জানান।

তিনি বলেন, সেখানে গিয়ে তার সাংবাদিক বন্ধু কয়েকজনকে প্রশ্ন করলে তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। পরে তারা ক্যামেরা চালু করে আপত্তিকর ভাষায় কথা বলতে থাকেন এবং তাদের ভিডিও ধারণ করেন। একই সঙ্গে তার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ করেন জুবায়ের।

জুবায়েরের বলেন, এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের মতো করে বিষয়টির প্রাথমিক সমাধান করে। পুরো ঘটনা শুরু থেকেই পুলিশ প্রশাসনের জানা ছিল এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। ওই ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে তার ও তার সাংবাদিক বন্ধুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।

এদিকে শাহবাগ থানায় দেওয়া অভিযোগেও একই ধরনের বক্তব্য উল্লেখ করেছেন এ বি জুবায়ের। অভিযোগে তিনি বলেন, ঘটনার সময় পুলিশকে আগেই অবহিত করা হয়েছিল। পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে বিষয়টির আইনগত সুরাহা করে। এরপরও ওই সময়ের একটি ভিডিও ছড়িয়ে তার এবং তার সাংবাদিক বন্ধুর চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে।

পরবর্তীতে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীকে উদ্ধার করে। এ বিষয়ে শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে।