
দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দফতরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন করবে।
এ সময় চট্টগ্রাম ওয়াসার আর্থিক ও সেবার অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮–২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা ওয়াসার দাবি অনুযায়ী একটি নতুন রেকর্ড।
এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম। এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।
সূত্র : বাংলা ভিশন













































