প্রচ্ছদ জাতীয় আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটি বাক্স (প্রতীক) হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই আরও বলেন, মদিনাওয়ালা কোনো দিন আমেরিকার দিকে যেতে পারে না। মদিনাওয়ালা যদি মদিনার দিকেই চলতে থাকে, তাহলে একদিন না একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। ইসলাম কোনো দিন ক্ষমতা কিংবা অর্থের বিনিময়ে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রহমতে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন।

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইনসহ অন্যান্য নেতারা।

সূত্র : কালবেলা