
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল যাওয়ার পথে নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করা হয়নি। সামনের গাড়ির চাকা থেকে একটি ইটের টুকরো ছিটকে এসেছিল। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও অন্যান্য বিষয়ে তদন্ত শেষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। যে ইটের টুকরোটি দেখা গেছে, সেটি ওই গাড়ির সামনে থাকা একটি গাড়ির চাকা থেকে ছিটকে এসেছিল।
তিনি বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পরই পুলিশ প্রশাসন, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। মনগড়া কিছু তথ্য দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছিল, যা ভুল।
জানা যায়, সোমবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাচ্ছে। তাকে বহনকারী বাসটির সামনে ও পেছনে একাধিক গাড়ি রয়েছে। মহাসড়কের পাশে কর্মী-সমর্থকেরা দাঁড়িয়ে আছেন। তারেক রহমান বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তাকে বহনকারী বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তে আরও কিছু বের হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
সূত্র : চ্যানেল24












































