
আগামী আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। প্রতিটি ছুটির পরের কর্মদিবসে এক দিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দুই দফায় চার দিনের অবকাশ পাওয়া যাবে।
প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন ছুটি নিলে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে। এর মধ্যে ৭ ও ৮ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
দ্বিতীয় দফায়, ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটানো যাবে। এ সময় ২৮ ও ২৯ আগস্ট সাপ্তাহিক ছুটি।
৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস
২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)












































