প্রচ্ছদ জাতীয় সকালে অব্যাহতি, বিকালে ফের বহিষ্কার যুবদলের ছয় নেতা

সকালে অব্যাহতি, বিকালে ফের বহিষ্কার যুবদলের ছয় নেতা

পাবনার ঈশ্বরদী ও চাটমোহর উপজেলার ছয় যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে নাটকীয়তা দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তাদের অব্যাহতি দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও, বিকেলে ফের অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বহিষ্কারাদেশ আগের মতোই বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুলাই ২০২৬ এক বিজ্ঞপ্তিতে ভুলবশত পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু, সদস্য মো. মতিয়ার রহমান, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই ছয়জনের বহিষ্কারাদেশ বহাল থাকবে।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঈশ্বরদী পৌর, ঈশ্বরদী ও চাটমোহর উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।