
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনার দাবি জানিয়েছেন। একই সাথে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারায়ণগঞ্জ মহানগর শাখা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা নারায়ণগঞ্জকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগর হিসেবে গড়ে তুলতে চাই। তাই এখানে দরকার ভালো মানুষ। এমন মানুষের প্রয়োজন, যে আল্লাহকে ভয় করে এবং যার যে হক, তা তার হাতে পৌঁছে দেয়। আমরা সৎ নেতৃত্ব তৈরি করব, ইনশাআল্লাহ। আবদুল জব্বারের ব্যাপারে তিনি বলেন, তার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ। আগামীতে যাতে ভোট জালিয়াতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিশ্বাস, নারায়ণগঞ্জবাসী সৎ ও যোগ্য মানুষকেই ভোট দেবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নায়েবে আমীর আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আমীর মোমিনুল হক সরকার, শহীদ মো. আবিলের পিতা আবুল কালাম এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলাওয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।











































