
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধমক খেয়ে বিকালে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
বুধবার সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই?
প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করায় আতংকিত হয়ে বিকালে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তবে কয়সর আহমেদ ও এম এ মালেক সংসদে ফেরেননি। নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলীয় এক হুইপ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী বলার পরও ওনারা দুইজন সংসদে আসেননি। এটা দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান।
শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দু’টি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপন করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।










































