প্রচ্ছদ হেড লাইন পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১৭ জুন) পুলিশ হেডকোয়াটার্স থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়াটার্সে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙামাটির ১৮ এপিবিএনে এবং সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে পুলিশ হেডকোয়াটার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এম মাহবুবুল আলমকে সিআইডিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

সূত্র : চ্যানেল২৪