
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে এক নারী ও দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, মৃত স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিরপুর পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইমরান পাঠান সাংবাদিকদের জানান, তিভলি গ্রামের একটি কূপ থেকে একাধিক মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাটির তদন্ করেছে।
এসআই পাঠান বলেন, ‘(শনিবার) বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে আমাদের পুলিশ চ্যানেলে তিভলি গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনার তথ্য আসে। এতে জানা যায়, একজন ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা পিএসআই তাড়ে ও অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থলে যান এবং প্রাথমিক পর্যবেক্ষণ করেন।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে চারজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালাব। এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আগামীকাল (রোববার) ময়নাতদন্ত করা হবে। এর পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল।’
সূত্র: এনডিটিভি












































