প্রচ্ছদ আইন আদালত দুই আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট

দুই আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

আজ রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর গ্রহণযোগ্যতার ওপর শুনানি হওয়ার কথা।

এর আগে, রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের কথাও বলা হয়েছে।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ১ জুন শুরু হয় এই মামলার বিচার। পরে ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।

সূত্র : যমুনা টিভি