
দেশের বেসরকারি ও সরকারি শিক্ষকদের বিদ্যমান উৎসব ভাতা পর্যায়ক্রমে শতভাগ করার জন্য সরকারের কাছে একটি বিশেষ লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন যে এর আগে অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে প্রাথমিকভাবে অতিরিক্ত ১০ শতাংশের একটি দাবি জানানো হয়েছিল। এটা আগামী দিনে শুরু হবে। বাজেট হওয়ার পরে ক্রমান্বয়ে শতভাগ উৎসব ভাতা পাবেন।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলে হেডমাস্টারদের অভাব রয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকার কারণে আমরা মামলাটি নিষ্পত্তি করার জন্য কাজ শুরু করেছি। বিভিন্ন ক্ষেত্রে মামলা জটিলতার জন্য আমরা দিতে পারছি না। সর্বমোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমরা অ্যার্টনি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি করতে যাচ্ছি।
তিনি বলেন, আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ করা শুরু করেছিলাম ২০০৬ খ্রিষ্টাব্দে। পরে সেটি পরিবর্তন করা হয়েছিলো। এখন এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ সুপারিশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দূর-দূরান্তে যেসব শিক্ষক রয়েছেন তাদের সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা শুরু করছি। উই আর অল মোস্ট রেডি। সবকিছু একবারে হয় না, একটু সময় লাগে।












































