প্রচ্ছদ জাতীয় ইসলামী ব্যাংকে যাদের টাকা রয়েছে, তাদের জন্য গভর্নরের বার্তা

ইসলামী ব্যাংকে যাদের টাকা রয়েছে, তাদের জন্য গভর্নরের বার্তা

ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আমানতকারীদের উদ্দেশে গভর্নর বলেন, “ইসলামী ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তারা যেকোনও সময় তাদের আমানত তুলতে পারবেন। এ বিষয়ে কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই।”

তিনি বলেন, ‘‘ইসলামী ব্যাংকে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের কোনও ধরনের অবৈধ হস্তক্ষেপ নেই। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংক কোনও অযাচিত হস্তক্ষেপ করেনি। বরং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’

আজ শুক্রবার (১১ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার গঠনের পর ইসলামী ব্যাংকে যে পরিচালনা পর্ষদ পাওয়া যায়, সেটি পাঁচ সদস্যের ছিল। পরবর্তীকালে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কোনও ধরনের হস্তক্ষেপ করেনি। আমরা ইসলামী ব্যাংককে কোনও ঋণ দেওয়ার নির্দেশ দিইনি, কাউকে চাকরি দিতে বলিনি, কিংবা কোনও পদোন্নতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করিনি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘‘ঈদের আগের দিন চেয়ারম্যানের পদত্যাগের পর ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হয়েছে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিস্টেমিক ব্যাংক এবং পরিচালনা পর্ষদে ন্যূনতম সদস্য সংখ্যা বজায় রাখা প্রয়োজন ছিল।’’

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হাতে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নীতিগত ও তদারকি ব্যবস্থা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ব্যাংকটির তারল্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘‘২০২৪ সালের জুলাইয়ে ইসলামী ব্যাংকের অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ছিল প্রায় ৯৩ শতাংশ। কিন্তু চলতি বছরের মার্চে তা বেড়ে প্রায় ৯৮ শতাংশে পৌঁছে যায়, যা স্বাভাবিক সীমার চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংক এডিআর কমানোর পরামর্শ দিলেও এখনও তা উচ্চ পর্যায়ে রয়েছে।’’ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।