
গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি দোকানে বসে ছিলেন রফিক। এ সময় হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাকে খুঁজতে গিয়ে না পেয়ে তার স্বামী দোকানে বসেছিলেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাকে গুলি করে। তিনি বলেন, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা এ বিষয়ে কোনো তথ্য দিতে চাননি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












































