
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার এবং পরবর্তীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে।
সোমবার (৮ জুন) রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্প থেকে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অবশিষ্ট কাজ শেষ করে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
তিনি জানান, প্রকল্পটি চালুর পর প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি রাজধানীতে সরবরাহ করা হবে। পরবর্তীতে একই ধরনের আরেকটি প্রকল্প যুক্ত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে। এতে মোট সরবরাহ সক্ষমতা দাঁড়াবে প্রতিদিন ১০০ কোটি লিটারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার পানির চাহিদা পূরণে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে। এর ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। ভবিষ্যতের সংকট মোকাবিলায় মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে প্রকল্পটির পানি সরবরাহ সক্ষমতা প্রতিদিন ১০০ কোটি লিটারে উন্নীত হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর গন্ধর্বপুর পানি শোধনাগার। মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীবাসীর কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য।
পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করে দ্রুত প্রকল্প চালুর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।











































