প্রচ্ছদ জাতীয় মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা নিয়ে যে তথ্য দিলো বাপেক্স

মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা নিয়ে যে তথ্য দিলো বাপেক্স

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠার ঘটনায় পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় ও বাপেক্স সূত্র জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি অংশে মাটি স্পর্শ করলেই অস্বাভাবিক তাপ অনুভূত হতে থাকে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

এ পরিস্থিতিতে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা মাটির নিচে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হয়।

পরে সোমবার (৯ জুন) দুপুরে বাপেক্সের দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক পরীক্ষা শেষে জানায়, ওই স্থানে কোনো গ্যাসের উপস্থিতি নেই।

বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে এসে অগ্নিশিখা পরীক্ষা-সহ বেশ কয়েকটি পরীক্ষা করেছি। তবে এখানে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে বৈদ্যুতিক সংযোগের স্পার্ক থেকে তাপ সৃষ্টি হয়ে থাকতে পারে। এছাড়া নির্মাণকাজের রঙ বা রাসায়নিক বর্জ্য থেকেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পুরোনো হাসপাতাল এলাকা হওয়ায় ময়লা-আবর্জনা থেকেও এ ধরনের বিক্রিয়া ঘটতে পারে।”

তিনি আরও জানান, ঘটনাস্থলের চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সূত্র : জাগো নিউজ