
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কুলাউড়ায় তোলপাড় চলছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যদি নোবেল ঘোষণা করা হয়, তাহলে তারেক রহমান সেটা পাওয়ার যোগ্য।
শওকতুল ইসলাম শকু এমপি গত ২ জুন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় এমপি শকু আরও বলেন, আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কাও হয়। উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরাতো এতিম হয়ে যাবো। কে আমাদের আশ্রয় দিবে? উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্ম তৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নোবেল পুরষ্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাওয়ার যোগ্যতা রাখেন।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু প্রমুখ।












































