প্রচ্ছদ জাতীয় ‘মটকা গরম’ বলে আলোচিত এমপি মাসুদ

‘মটকা গরম’ বলে আলোচিত এমপি মাসুদ

মটকা গরমের কথা বলে আলোচনার ঝড় তুলেছেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ এ ‘মটকা গরম করার’ কথা বলেন।

তার বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

একাধিক ফেসবুক ব্যবহারকারী বলেন, মটকা শব্দটি তামিল ছবিতে ব্যবহার হয়। যারা তামিল ছবি দেখেন তারাই মটকা শব্দটি ব্যবহার করেন। তামিল শব্দ মটকার অর্থ মাথা। এছাড়া বাংলাদেশের গ্রামাঞ্চলে মাটির তৈরি এক ধরনের পাত্রকে মটকা বলা হয়। মাটির তৈরি মটকায় গৃহবধূরা ধান, চালসহ নানান শস্য সংরক্ষণ করেন। এমপি মাসুদ তার বক্তব্যে মটকা গরম তথা মাথা গরম করার কথা বলেন। তার মানে তিনি নিয়মিত তামিল ছবি দেখে থাকতে পারেন। অবশ্য তামিল ছবি দেখার বিষয়টি স্বীকার করেননি এমপি মাসুদ।

প্রসঙ্গত শনিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জাইন্না নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা; কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন তো? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

এছাড়াও তিনি বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি এখান থেকে। অনেকে বলেন- ভোটে এমপি হইছেন। আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে বাউফলের পাঁচ লাখ মানুষ।’

এ সময় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : যুগান্তর