
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় ক্রেতার কাছে তুলে দিয়েছে মালিকপক্ষ। গতকাল সোমবার (২৫ মে) বিকেলে মহিষটিকে ক্রেতা নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।
দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারীরা অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফার্মের মালিকপক্ষ ও দর্শনার্থীরা। তবে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।
মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। এরপর মহিষটিকে দেখতে শিশু কিশোরর যুবকরাই নন অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশা ব্যক্ত করেন।
মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। সোমবার বিকেলে ভাইরাল এই ডোনাল্ড ট্রাম্পটি ঢাকায় ক্রেতার বাড়িতে চলে যায়।
ফার্মের এক কর্মচারী জানান, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগছে।বাংলাদেশে এর আগে কখনও এভাবে কোনো কোরবানীর গরু ভাইরাল হয়েছে কিনা তার জানা নেই। তারা কখনও মহিষটিকে ভুলবে না বলেও জানায়।
রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।













































