
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতিবাচক প্রচারের সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শুক্রবার (২২ মে) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তারেক রহমানের যত বদনাম, অর্ধেক তার করিয়াছেন মতি, বাকি অর্ধেক দুনিয়ার সকল প্রাণী!’
এ সময় গোলাম মাওলা রনি কালের কণ্ঠের একটি প্রতিবেদনের ফটোকার্ড শেয়ার করেন।
ওই প্রতিবেদনের তথ্য অনুসারে, দেশের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু আওয়ামী শাসনের দেড় দশক নয়, তার আগেও তারেক রহমানকে টার্গেট করা হয়েছে।
তাকে কর্মীদের থেকে দূরে সরাতে এবং সাধারণ মানুষের কাছে ‘ভায়োলেন্ট রাজনীতির প্রতিনিধি’ হিসেবে প্রচারের অপচেষ্টা চালানো হতো মিডিয়ায়। সেই অপচেষ্টায় নেতৃত্ব দিয়েছে প্রথম আলো।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে প্রথম আলো ধারাবাহিকভাবে তৎকালীন যুবনেতা ও বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছিল। যা রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের কঠোর মিডিয়া ট্রায়াল হিসেবেই পরিচিত।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে নানা নেতিবাচক অভিধেয় আক্রমণ করেছে প্রথম আলো। বারবার প্রথম আলোতে বিএনপির শীর্ষ এই নেতার অসংখ্য ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়।
এসবের সঙ্গে বিশেষ সম্পাদকীয় আর কলাম ছাপিয়ে সম্মিলিতভাবে তাকে দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে।
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসংখ্য নিউজ প্রকাশ করেছে প্রথম আলো। এ নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করেই ক্ষান্ত থাকেনি, তারা কার্টুন-কলাম ছাপিয়ে তারেক রহমানকে হামলার মাস্টারমাইন্ড হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে।
সেসময় একটি টক শো অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেছিলেন, ‘বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এসব দায় আওয়ামী লীগের ওপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল।
তারা এতসব মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করেছিল, যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায়।’
এত কিছুর পরও রুখতে পারেনি তারেক রহমানের জনপ্রিয়তা। জুলাই অভ্যুত্থানের পর গত বছর দেশে ফেরেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে করেছেন সরকার গঠন। হয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
সূত্র : কালের কণ্ঠ













































