
বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে। তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দিনভর আন্দোলনের পর রাতে মালিকপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা যায়, সকাল থেকেই ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। দিনভর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত সাড়ে ১০টার দিকে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ফ্যাক্টরির বাইরে অবস্থানরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তাসহ শ্রীলঙ্কান বিদেশি বায়ারদের (ক্রেতা) আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে এবং আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়। তবে অভিযোগ রয়েছে, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের ওপর পানি নিক্ষেপ করা হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।












































