প্রচ্ছদ জাতীয় এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী

চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক সমাবেশের মাধ্যমে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী।

শনিবার (২ মে) বিকেলে কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। তিনি নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন যোগদানকারীরা বিএনপির আগামী কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এই যোগদানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামান।