প্রচ্ছদ জাতীয় শাহবাগের ঘটনায় যে পদক্ষেপ নিলো ছাত্রদল

শাহবাগের ঘটনায় যে পদক্ষেপ নিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সংবাদকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণের অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল একটি ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ এলাকায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর সঙ্গে সংবাদকর্মীদের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির আজ এই তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন: ১. জহির রায়হান আহমেদ (সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ)

২. এ বি এম ইজাজুল কবির রুয়েল (সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদ)

৩. আনিসুর রহমান খন্দকার অনিক (সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)

৪. মো. নাছির উদ্দিন শাওন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ ওঠে, যা নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।