
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কলেজের মূল ফটকের দিকে অগ্রসর হলে উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কলেজ গেটের সামনে থাকা একটি ছাত্রদলের নেতাকর্মীদের বসার ছাউনি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব অভিযোগ করেন, শিবিরের মিছিল থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়।প্রতিবাদ করতে গেলে শিবির কর্মীরা হামলা চালায় এবং তারা আমাদের ব্যানার ও অফিস ভাঙচুর করে।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন বলেন, কলেজের সামনে অবস্থানরত তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ও ছাত্রদলের বসার ছাউনি ভাঙচুর করে শিবিরের সন্ত্রাসীরা, এতে কয়েকজন আহত হন। তিনি প্রশাসনকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান বলেন, কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলাম।
তিনি বলেন, সকালের দিকে শহরের বকুলের মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবিরের একটি মিছিল ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।













































