প্রচ্ছদ জাতীয় হালিমে মাছি, হোটেল কর্মচারীকে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা

হালিমে মাছি, হোটেল কর্মচারীকে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি খাবারের হোটেলে হালিমে মাছি পাওয়ায় কর্মচারীর গায়ে হালিমের বাটি ছুড়ে মেরেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারক। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার( ২২ এপ্রিল) রাত ৮টার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনার প্রতিবাদে প্রায় ২৫টি দোকান বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে উভয় পক্ষকে নিবৃত্ত করেন।

জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘হাবিব ভাইয়ের হোটেল’–এ খেতে যান জাকসু নেতা হোসনে মোবারক। এ সময় খাবারে মাছি পেয়েছেন, এমন অভিযোগ তুলে তিনি কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে হোসনে মোবারক হোটেলের কর্মচারীকে লক্ষ্য করে হালিমের বাটি ছুড়ে মারলে তার গায়ে লাগে। এরপর বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপগুলোতে এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে থাকেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাতটার দিকে একদল শিক্ষার্থী বটতলায় দোকানদারকে প্রতিবাদস্বরূপ দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। পরে দোকানদাররা বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেন। এরপর ঘটনাস্থলে শিক্ষার্থীদের দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।

এ বিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারক বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে দুর্গন্ধযুক্ত দ্রব্যাদির মধ্যে যে মাছি থাকে, সেই মাছি দেখতে পেয়ে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মারি। আমি তাঁকে শারীরিকভাবে কোনো আঘাত করিনি। খাবারের মান নিশ্চিত করা শুধু জাকসুর পক্ষে একা সম্ভব নয়। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, দোকানদারের দিকে হালিমের বাটি ছুড়ে মারা এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটি অংশ দোকান বন্ধ রাখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিবৃত্ত করা হয়েছে। বসে বিষয়টি সমাধান করা হবে।