
জেলা হিসেবে ছোট—মাত্র দুটি সংসদীয় আসন। অথচ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন ৪ জন এমপি। দক্ষিণের জেলা ঝালকাঠিতে এবার এমন ব্যতিক্রমী চিত্রই দেখা গেছে।
ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম জামাল, যার রাজনৈতিক ভিত্তি রাজাপুর উপজেলায়। অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তার বাড়ি নলছিটিতে।
সরাসরি নির্বাচিত এই দুই প্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকে ঝালকাঠির প্রতিনিধিত্ব করছেন আরও দুজন।
তাদের একজন বিএনপির জেবা আমীন আল গাজী। অপরজন এনসিপির ডা. মাহমুদা মিতু, যিনি কাঁঠালিয়া উপজেলার মানুষ। ফলে সংসদে ঝালকাঠির প্রতিনিধিত্ব ছড়িয়ে পড়েছে জেলার রাজাপুর, নলছিটি, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া উপজেলা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যেমন বিরল, তেমনি সম্ভাবনাময়ও।
সূত্র : news24bd











































