প্রচ্ছদ জাতীয় রাজনীতির নতুন মেরুকরণ, বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’

রাজনীতির নতুন মেরুকরণ, বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। মনোনীতদের তালিকায় আওয়ামী লীগের এক নেত্রীর নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তবে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছিল।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের পর ২০২৩ সালের ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে। ওই তালিকার ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদারের (ঠাকুর) নাম।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে সুবর্ণা ঠাকুর বলেন, ‘আওয়ামী লীগের কমিটিতে আমার নিজের ইচ্ছায় নাম ছিল না। অনুমতি ছাড়াই আমাকে ওই পদ দেওয়া হয়েছিল। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম না।’রাজনৈতিক বিশ্লেষণ

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে আওয়ামী লীগের অনুষ্ঠান ও কর্মসূচিতে তার উপস্থিতি দেখা গেছে।

এদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করা ঠিক নয়। নতুন পদ পাওয়ার জন্য তিনি দলের সঙ্গে প্রতারণা করছেন।’

সূত্র : কালের কণ্ঠ