
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। নিজেদের বাংলাদেশ সরকার বা মিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ‘প্রবাসী কার্ড’ সহ নানা প্রলোভনে প্রবাসীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এই চক্রটি। বিষয়টি নজরে আসার পর লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক জরুরি সতর্কবার্তা জারি করেছে।
হাইকমিশন জানায়, সম্প্রতি কতিপয় প্রতারক ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে প্রবাসীদের সাথে যোগাযোগ করছে। প্রতারণা কাজে ব্যবহৃত দুটি নির্দিষ্ট ফোন নম্বরও শনাক্ত করা হয়েছে: +44 7878 709995, +44 7418 352834। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে মিশন।
অফিসিয়াল মাধ্যম যাচাইয়ের আহ্বান
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার বা হাইকমিশনের পক্ষ থেকে কোনো নতুন সেবা, কর্মসূচি বা উদ্যোগ নেওয়া হলে তা কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বাইরে কোনো ব্যক্তিগত ফোন কল বা বার্তার মাধ্যমে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
প্রবাসীদের উদ্দেশ্যে হাইকমিশন পরামর্শ দিয়েছে যে:
১. যে কোনো ধরনের আর্থিক লেনদেনের আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
২. ভুয়া প্রতিশ্রুতি বা ব্যক্তিগত ফোন নম্বরের মাধ্যমে আসা প্রলোভনে পা দেওয়া যাবে না।
৩. সন্দেহজনক কোনো কল বা মেসেজ পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় হাইকমিশন সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়।













































