শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

৩ দিন চলবে না মোটরসাইকেল

জাতীয়: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রোববার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭

জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সেই সঙ্গে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এর আগে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টরা সেসব যানবাহন ব্যবহার করতে পারবেন না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েসমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারী, অতঃপর…

সারাদেশ: গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন জর্ডান প্রবাসী এক নারী। শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণ পাড়া ডাক্তারের বাড়িতে অনশনে বসেন ওই নারী। ঘটনার পর থেকে প্রেমিক আসাদ বাড়ি থেকে পালিয়েছেন।

তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কিতাব আলীর ছেলে মোশাররফের সঙ্গে ওই নারীর ৯ বছর আগে বিয়ে হয়। তবে তার মেহেদির রং মুছে যাওয়ার আগেই স্বামী মোশাররফ মারা যান। স্বামীর মৃত্যুর বছরখানেক পর জর্ডানে পাড়ি জমান ওই নারী। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন। হঠাৎ তার দাদি অসুস্থ হলে ওষুধ কেনার জন্য ডুমদিয়া বাজারের আসাদের দোকানে গেলে তার সঙ্গে পরিচয় হয়। তারা ফোন নম্বর আদান-প্রদান করেন। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে বিয়ের আশ্বাসে বিভিন্ন এলাকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন আসাদ। আরও দু-এক বছর প্রবাসে থেকে দেশে ফিরে এলে বিয়ে করবেন এমন আশ্বাসে ছুটি শেষ করে ওই নারী জর্ডানে চলে যান। গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। পরে শনিবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিক আসাদের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

ভুক্তভোগী নারী বলেন, বিয়ের আশ্বাসে গত দুই বছরে জর্ডান থেকে আসাদ ও তার পরিবারকে প্রায় সাত লাখ টাকা দিয়েছি। বিয়ের আশ্বাসে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে বলে আমাকে বিয়ে করলে তার পরিবারের মান-সম্মানের হানি হবে। এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক আসাদ গণমাধ্যমে কোনো বক্তব্য দিনে রাজি হননি। টোক নয়নবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সত্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের দিন ও গুপ্তহত্যা নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। একই সঙ্গে গুপ্তহত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে।

তিনি বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে।

কম্প্রেসার বিস্ফোরণে স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই তারা (নাশকতাকারীরা) এসব কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলতে পারেনি। আমি মনে করি নাশকতাকারীদের এদেশের জনগণ প্রতিহত করবে। জনগণ তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোন আগাম সতর্কতা আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যেসব তথ্য দিচ্ছেন, সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর আসেনি।

‘বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন আশঙ্কা প্রকাশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পরিবহন মন্ত্রী ও আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ তিনি রাজনীতি করেন।

তার কাছে যথেষ্ট তথ্য থাকে। সে তথ্যের ভিত্তিতেই তিনি বলেছেন। তবে আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিংবা ঘটনার আগেই আমরা তাদের ধরার চেষ্টা করে যাচ্ছি।

আজকে আইন ও সালিশ কেন্দ্র থেকে বলা হয়েছে, ২০২৩ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ জন। মানবাধিকার পরিস্থিতিকে অস্বস্তিকর বলছেন তারা- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে একটা মানবাধিকার কমিশন রয়েছে, তারা কী বলে সেটা লক্ষ্য রাখবেন। বিদেশ থেকে কী বললো,

কোথা থেকে কী বলল- তথ্যভিত্তিক কথা অনেক সময়ই আসে না। এর আগে ৭৮ জন গুম হয়েছে বলে আমাদের কাছে খবর পাঠিয়েছিল। আমরা দেখেছি এরমধ্যে ২৫ জন বিএনপির রাজনীতি করছে কিংবা কারাগারে আছে, আত্মগোপন করেছে, বিদেশে পালিয়ে আছে। অনেককে আমরাই খুঁজছি, এগুলো গুম নয়। এরা অনেক সময় তথ্যের বাইরে কিছু কথা বলে থাকে।

‘নির্বাচন কমিশন নির্বাচনবিরোধী প্রচার-প্রচারণা নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না’- এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন যেন না হয়, নির্বাচনে যেন কেউ অংশগ্রহণ না করে- সে ধরনের প্রচারণা শুরু করেছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল। তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, সম্পত্তি বিনষ্ট করছে, হরতাল-অবরোধ কতকিছুই করে যাচ্ছে। কিন্তু মানুষ কোনো কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না। মানুষ মনে করছে এগুলো অযৌক্তিক, সেজন্যই মানুষ এগুলোতে কর্ণপাত করছে না।

তিনি বলেন, তাদের (বিএনপির) সঙ্গে নাম না জানা আরও দুই একটি দল এ ধরনের লিফলেট ছড়াচ্ছে। সেগুলো খুবই সামান্য পরিসরে। মাঝে মাঝে দু-এক জায়গায় আমরা খবর পাচ্ছি। আমাদের পুলিশ, বিজিবি, গোয়েন্দা বাহিনী এগুলো ধৈর্য সহকারে দেখছেন। এগুলো নিশ্চয় আমাদের নির্বাচন কমিশনও দেখছেন। এগুলো যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে একটা নির্দেশনা আসবে, তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, এখন আমরা যা দেখছি দু-একজন করছে কিংবা ঘোষণা দিচ্ছে। এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল, নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে, সেটার বিপরীতমুখী কর্মকাণ্ড। এগুলো নির্বাচন বানচালের কর্মকাণ্ড, এগুলো অবশ্যই গর্হিত অপরাধ। আমি মনে করি, এগুলো যদি সীমা অতিক্রম করে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) দু-একটা লিফলেট দিচ্ছে এবং সেখান থেকে সরে যাচ্ছে। এটা মানা করা হচ্ছে, নিশ্চয়ই তারা তা বন্ধ করবেন। এখন পর্যন্ত তারা ব্যাপক হারে এটি করছে না। আমরা সজাগ আছি, যদি আরও বেশি করে করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

জামায়াত নেতা মাসুদের ৩ বছরের কারাদণ্ড

সারাদেশ : নাশকতার মামলায় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদের পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ডে দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় দেয়। রায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ ছাড়া এই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও সাতজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।

জানা গেছে, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডির থানার সাত মসজিদ রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

জাতীয়: নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ৭ জানুয়ারির ভোটের আগে আর জামিন পাচ্ছেন না তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন।

পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে নয় মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে রোববার আবারও জামিনের আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই হিসেবে ভোটের আগে আর জামিন পাচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অভিষেক-ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

দীর্ঘদিন ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার খবরে উত্তাল নেটদুনিয়া। ইতোমধ্যে মেয়েকে নিয়ে বচ্চন বাড়ি ছেড়ে আলাদা থাকছেন প্রাক্তন এই সুন্দরী। দিনদিন যেন এই দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস অনুষ্ঠিত হয়। আর সেখানেই পারফর্ম করছে অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্যা।

শুধু এই তারকাসন্তানই নয়, বলিউডের অধিকাংশ স্টারকিডই পারফর্ম করছে। যার মধ্যে রয়েছে শাহরুখ-পুত্র আব্রাম, কারিনার ছেলে তৈমুর, করণ জোহরের দুই ছেলেমেয়ে যশ আর রুহি।

ইতোমধ্যে স্কুলের সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শাহরুখের সিনেমার হিট গান ‘ওম শান্তি ওম’ বাজতে শুরু করে। আর গানের তালে তালে নাচতে শুরু করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।

অনুষ্ঠানে সুহানা, আব্রাম, শাহরুখের সঙ্গে নাচে পা মেলান অভিষেক-ঐশ্বরিয়া। আর পাশেই দাঁড়িয়ে অমিতাভ। দেখে মনে হচ্ছে, এ যেন সুখী পরিবারের এক টুকরো ছবি। আর এই ভিডিও দেখার পর থেকেই নেটিজেনদের ভাবনার মোড় যেন অনেকটাই ঘুরে গেছে।

তবে কি বিচ্ছেদের গুঞ্জন থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ নিলেন বচ্চনরা? রীতিমতো এমন প্রশ্নের জল্পনায় ভাসছেন নেটিজেনরা।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, অনুষ্ঠানের শুরুতে বচ্চনরা একসময় পৌঁছালেও আলাদা আলাদা গাড়িতে আসেন ঐশ্বরিয়া-অভিষেক। তবে বাড়ি ফেরার সময় অবশ্য আরাধ্যকে মাঝে বসিয়ে একই গাড়ি যান এই তারকা দম্পতি।

‘আমি উপরওয়ালার প্রেরিত খলিফা’— আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী

রাজনীতি : ‘শেষ ভালো যার, সব ভালো তার। আমার মালিক উপরওয়ালা, আমি তার খলিফা। তাই কুরআন ও হাদিসের উদ্বৃতি দিয়ে কথা বলার চেষ্টা করি, এটা আমার দায়িত্ব। তিনিই সেই পবিত্র সত্তা যার কাছে আমাদের যেতে হবে; এ কথা যে বিশ্বাস করে তার আর কিছু লাগে না।

ভরসা রাখি আল্লাহ, আস্থা আমার জনগণ। শেষ যে মুহুর্ত তৈরি হয়েছে সেটা আমি তৈরি করিনি। যিনি তৈরি করেছেন, তিনিই আমার জন্য যথেষ্ট।’ শনিবার (৩০ ডিসেম্বর) নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু এসব কথা বলেন।

লিটু বলেন, ১৯৯৭ সালে আমি স্থানীয় নির্বাচনে অংশ নিই। সবকটি ইউনিয়ন, উপজেলার নির্বাচনে জয়লাভ করে আমি আজকের অবস্থায় এসেছি। এই নির্বাচনের আগে যে বা যারা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিলো তাদের পরিকল্পনা কাজে লাগেনি। এই কয়দিন আমাকে কোর্টের বারান্দায় দৌঁড়াদৌঁড়ি করতে হয়েছে, আমি আমার জনগণের কাছে যেতে পারিনি। অবশেষে উচ্চ আদালত আমার পক্ষে রায় দিয়েছে।

নির্বাচনে বাধার সম্মুখীন হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকার যিনি প্রার্থী আছেন তার প্রতি আমার শ্রদ্ধা, ভালবাসা রয়েছে। তিনি সৌভাগ্যবান যে নৌকা প্রতীক পেয়েছেন। আমি নির্বাচনে আসার পর থেকেই বাধা পেয়ে আসছি। আপনারা দেখেছেন, আমাকে কিভাবে হয়রানি করা হয়েছে। গেলো জেলা পরিষদ নির্বাচনে আমাকে রক্তাক্ত, আহত করা হয়েছিলো। সেই দাগ এখনো কাটে নাই। ১৯৯৭ সাল থেকে প্রতিটি নির্বাচনে আমার প্রার্থীতা বৈধ ছিল, এ নির্বাচনের আগে ভুতুড়ে মামলা দিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে চেষ্টা করেছে। সেই আশঙ্কা এখনো আমার কাটেনি।

নির্বাচনের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, নড়াইলের মানুষ তাদের মধ্য থেকেই নেতা চায়। তারা চায়, নেতা সবসময় তাদের সাথে থাকুক। আমি দীর্ঘদিন স্থানীয় পর্যায়ে রাজনীতি করেছি, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ছিলাম তাই স্থানীয় জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ভোটের মাধ্যমে আগামী ৭ তারিখ আমাকে নির্বাচিত করবে, এ ব্যাপারে আমি আশাবাদী। বাকিটা আল্লাহ ভরসা।

উন্নয়নের দাবিদার ব্যক্তিগত দাবিদার কেউ নয়, কেন্দ্রীয় সরকার— এমন মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন কেউ একা করেনি। আমি যখন চেয়ারম্যান ছিলাম এসব রাস্তা-সেতু আমিই করেছি। আমি সার্ভে করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমার আমলে হয়েছে, আমি করেছি। বিশেষ কোনো উন্নয়ন নড়াইলে হয়নি যে, যার দাবিদার ব্যক্তিগত কাউকে দিতে হবে। উন্নয়ন সরকারের গতানুগতিক প্রক্রিয়া।

স্থানীয় ও জেলা আওয়ামী লীগ নেতাদের সমর্থন নেতাদের সমর্থন আছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার নির্বাচন ওপেন করে দিয়েছেন। সাবেক অনেক মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় প্রতিনিধি স্বতন্ত্র নির্বাচন করছেন। একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে আমার প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থন থাকবে এটা স্বাভাবিক বিষয়।

জানা যায়, নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোহাগড়ার উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমিন লিটু। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

গত ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে না পেয়ে উচ্চ আদালতে যান লিটু। গত ২৮ ডিসেম্বর হাইকোর্ট তার প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ছাত্রশিবিরের ২০২৪ সেশনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নির্বাচিত

হেড লাইন: ২০২৪ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সংগঠনটির সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ঢাকায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল ইসলাম পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং রাজশাহী মহানগর শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

পাকিস্তানকে আরেক বাংলাদেশ বানিয়েছে নির্বাচন কমিশন

আরেক বাংলাদেশে পরিণত হয়েছে পাকিস্তান! দেশটির নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন জনৈক ভারতীয় বিশেষজ্ঞ। তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন

বাংলাদেশ সময় রবিবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অশোক সোয়াইন এ সংক্রান্ত একটি পোস্ট করার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইংরেজিতে করা ওই পোস্ট বাংলা করলে দাঁড়ায়ঃ

আরেক বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান! পাকিস্তানের নির্বাচন কমিশন ২০২৪ সালের নির্বাচনের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের প্রায় সব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। নেওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী বানাতে আনুষ্ঠানিক অভ্যুত্থান ছাড়া বাকি সবকিছুই করছে পাকিস্তানের সেনাবাহিনী।

বায়তুল মোকাররমে র‌্যাব ও পুলিশ মোতায়েন

হেড লাইন: ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ওই এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পূর্বঘোষণা অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে আজ (রোববার) রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে দলটি। এ জন্য সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন, সহিংসতার কোনো আশঙ্কা নেই, তারপরেও নির্বাচন সামনে রেখে নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করব। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...