প্রচ্ছদ জাতীয় প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপান থেকে দেশে ফেরার ফ্লাইটে পাঁচটি কারিগরি ত্রুটি ছিল। তদন্তকারী দলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অথচ ফ্লাইটটি পরিচালনার সময় শুধু একটি ত্রুটির কথা জানানো হয়েছিল। পরে সেটি মেরামত করে ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী দেশে ফেরেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রকৌশলীদের নিয়ে গঠিত ওই কমিটির তদন্তে আগের ত্রুটির বাইরে আরও চারটি ত্রুটির তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ সংবাদ

তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে বিমানের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে যান। সফর শেষে ২৯ অক্টোবর দেশে ফেরার পথে বিপত্তি ঘটে। ওই ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা পাইলট ও প্রকৌশলীরা উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত করেন।

এরপর প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। সে সময় জানানো হয়েছিল, উড়োজাহাজটির স্পয়লার ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। স্পয়লার হলো উড়োজাহাজের এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা, যা উড্ডয়নের পর গতি কমাতে এবং অবতরণের সময় রানওয়েতে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে ত্রুটি দেখা দিলে অবতরণের সময় উড়োজাহাজের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ত্রুটি মেরামত করে ফ্লাইটটি পুনরায় চালু করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার ফ্লাইটে ত্রুটির বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে বিমান কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি করা হয়। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

তদন্ত শেষে কমিটি জানতে পারে, স্পয়লার ব্যবস্থার ত্রুটি ছাড়াও উড়োজাহাজটিতে আরও চারটি কারিগরি ত্রুটি ছিল। সেগুলো হলো—

ফ্ল্যাপ সম্প্রসারণে ত্রুটি: উড়োজাহাজের ডানার পেছনের অংশে থাকা ফ্ল্যাপ ঠিকমতো নিচে নামতে বা প্রসারিত হতে ব্যর্থ হয়। উড্ডয়ন ও অবতরণের সময় বিমানের গতি নিয়ন্ত্রণে ফ্ল্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পিটট হিটিং ব্যবস্থায় ত্রুটি: উড়োজাহাজের পিটট টিউব ও স্ট্যাটিক পোর্টে বরফ জমা প্রতিরোধে এই বৈদ্যুতিক তাপ ব্যবস্থা কাজ করে। অতিরিক্ত উচ্চতায় বা মেঘের ভেতর দিয়ে ওড়ার সময় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেলে এসব স্থানে বরফ জমতে পারে। এতে উড়োজাহাজের গতি, উচ্চতা ও উল্লম্ব গতির ভুল তথ্য প্রদর্শিত হওয়ার ঝুঁকি থাকে।

ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটি: এই ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের শীতাতপ নিয়ন্ত্রণ ও কেবিনের বায়ুচাপ নিয়ন্ত্রণে প্রভাব পড়ে। র‍্যাম এয়ার ফ্যান বাইরের বাতাস টেনে নিয়ে হিট এক্সচেঞ্জার ঠান্ডা রাখতে সহায়তা করে।

রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বহনকারী ফ্লাইটে একাধিক কারিগরি ত্রুটির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।