
যশোরে দুই আদালতের ভেতরে ও দেয়ালে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সহকারী জজ আদালত ও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে এবং ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় শহরের মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের দেয়ালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি আদালতের ভেতরে বিস্ফোরণ ঘটে, অন্যটি আদালতের দেয়ালে বিস্ফোরণ ঘটে। এরপরই দুর্বৃত্তরা ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
দুই স্থানেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। একসঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংরক্ষণ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, শহরের স্পৃষ্টকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। পুলিশ ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে পুলিশ।








































