প্রচ্ছদ জাতীয় আমরা থামব না আমাদের থামার সুযোগ নেই

আমরা থামব না আমাদের থামার সুযোগ নেই

‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই’ বলে নেতাকর্মীদের নির্বাচনি প্রস্তুতিতে সর্বোচ্চ শক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

গত জাতীয় নির্বাচনে ‘পাওয়া ভোট’ রক্ষা করতে না পারার আক্ষেপ তুলে ধরে শফিকুর রহমান বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। এবার সিটি নির্বাচনে সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে হবে। এ সময় জাতীয় নির্বাচনে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নেতাকর্মীদের আসন্ন সিটি নির্বাচনে সর্বোচ্চ দিয়ে, দিনরাত একাকার করে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সিটি করপোরেশনে যাদের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে।

সমাজ পরিবর্তনে গুরুত্ব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।

সম্মেলনে রুকনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া। আমি বিশ্বাস করি, যারা দিন আনে দিন খায়, আল্লাহর পথে তাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চব্বিশের গণঅভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছে, যারা দিন আনে দিন খায়। এ সময় অতীতে সংগঠনের দায়িত্বশীলদের সংগঠন পরিচালনায় নিজেদের জীবন উৎসর্গ করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন জামায়াত আমির। অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

সম্মেলন দুভাগে বিভক্ত ছিল। সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্বাচনি সেশনে প্রায় ১৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ সালের জন্য ঢাকা মহানগরী উত্তর আমির নির্বাচনে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল।