
৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কী হবে না।’
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে কৃষি বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে আমরা বলেছি, কৃষক ভাইদের একটি কার্ড দিতে চাই, যেটির নাম হচ্ছে ফার্মার কার্ড বা কৃষক কার্ড। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, বড় কৃষক- এই লিস্টটি তৈরি করার কাজ এরই মধ্যে এগিয়ে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তখন ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের কাছে সেই কার্ডগুলো পৌঁছানোর চেষ্টা করব। ৪০ লাখ কৃষকদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দেব।
প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক যদি বছরে দুটি ফসল উৎপাদন করে বা কেউ যদি ৩টি ফসল উৎপাদন করে- তাহলে আমরা সরকারের পক্ষ থেকে কৃষক কার্ডের মাধ্যমে চেষ্টা করব অন্তত একটি ফসলের সার, বীজ, কীটনাশক- যতটুকু সম্ভব সেই কৃষক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া, যাতে কিছুটা হলেও তার কষ্ট কম হয়।
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার ক্ষেতের ফসলের বিমা করতে পারবেন। একইভাবে আপনি যদি ব্যাংক ঋণ গ্রহণ করতে চান, তাহলে কৃষক কার্ডের মাধ্যমে আপনি সহজেই সেই ব্যাংক ঋণগ্রহণ করতে পারবেন। এখন তো কম বেশি মোবাইল ফোন সবার কাছে আছে, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে আপনি যদি জানতে চান, আপনি জানতে পারবেন যে আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি বীজবপন করবেন নাকি সার দেবেন, কোন কাজটি আপনি করবেন। এরকম প্রায় ১০টি সুবিধা থাকবে সেই কৃষক কার্ডে।








































