প্রচ্ছদ জাতীয় পদত্যাগ করা মিষ্টির শূণ্য আসনে বিএনপির ৭০ মনোনয়ন ফরম বিক্রি, আয় সাড়ে...

পদত্যাগ করা মিষ্টির শূণ্য আসনে বিএনপির ৭০ মনোনয়ন ফরম বিক্রি, আয় সাড়ে ৩ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে বিএনপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। দিন শেষে মোট ৭০টি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা এসকে সাদী।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একই দিন সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি পদত্যাগ করেন। ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তদন্তের কথাও জানানো হয়েছিল।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আসনটিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী নারী নেত্রীরা দলীয় ফরম সংগ্রহ করছেন।

প্রতি মনোনয়ন ফরমের মূল্য পাঁচ হাজার টাকা। সেই হিসাবে ৭০টি ফরম বিক্রি করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে দলটি।

ফরম সংগ্রহের পর তা জমা দিতে আরও ৫০ হাজার টাকা দিতে হবে। সে হিসাবে প্রতিটি মনোনয়নপ্রত্যাশীকে ফরম সংগ্রহ ও জমা দিতে মোট ৫৫ হাজার টাকা দিতে হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় প্রার্থীদের নিজস্ব ভোটার নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যও দিতে হবে।