প্রচ্ছদ জাতীয় এনসিপির দুঃখপ্রকাশ

এনসিপির দুঃখপ্রকাশ

২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদান নিয়ে আয়োজিত ‘সাংবাদিকদের চোখে জুলাই’ অনুষ্ঠানে শহীদ সাংবাদিক হিসেবে জলজ্যান্ত মিজানুর রহমান সোহেলের ছবি প্রদর্শন করেছে এনসিপি। ২০২৪ সালের ৫ আগস্ট হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত হওয়া সাংবাদিক সোহেল আখঞ্জির ছবির পরিবর্তে মিজানুর রহমান সোহেলের ছবি প্রদর্শন করা হয়। এবিষয়ে এনসিপির পক্ষ থেকে এটি একটি অসাবধানতাবশত ভুল দাবি করে দুঃখ প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন দৈনিক লোকালয় বার্তার প্রতিবেদক সোহেল আখঞ্জি। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তত্ত্বাবধায়নে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্স (ডিজেএ) কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রদর্শিত আলোকচিত্রে মিজানুর রহমান সোহেলের ছবি দেখানো হয়।

এই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ করা হলে দলটির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত কালবেলাকে বলেন, অসাবধানতাবশত এই ভুল হয়েছে। এজন্য এনসিপি পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান সোহেল বলেন, আজ সকাল থেকে একের পর এক ফোন আসছে। পরিচিত, সহকর্মী, সাংবাদিক অনেকেই ফোন করে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইছেন আমি বেঁচে আছি কিনা? প্রতিবারই আমাকে একই উত্তর দিতে হচ্ছে ‘আমি মরি নাই!’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি জানতে চাই, এই ভুলের দায় কে নেবে? কার অনুমোদনের পর এমন একটি বিষয় প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে? আমি কাউকে অযথা অভিযুক্ত করতে চাই না। আমি শুধু দায়িত্বশীল ব্যাখ্যা ও সংশোধন চাই।’

এই বিষয় নিয়ে এনসিপির মিডিয়া সেল থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানানো হয়, ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত একটি তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুলক্রমে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে। এটি একান্তই ভুলবশত হয়েছে। দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত নাম। এহেন ভুলের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচার বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মিজানুর রহমান সোহেলসহ সবার কাছে দুঃখপ্রকাশ করছি। মূলত নামের মিল থাকায় এরকম ভুল হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, নিহত সোহেল আখঞ্জি ২০২৪ সালে হবিগঞ্জে বানিয়াচং থানায় দৈনিক লোকালয় বার্তা পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।