প্রচ্ছদ জাতীয় বাংলাদেশে আসছে ভারতের প্রতিনিধি দল

বাংলাদেশে আসছে ভারতের প্রতিনিধি দল

ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় আসছে। দুই দিনের সফরে প্রতিনিধিদলটি বাংলাদেশের সরকারি নীতিনির্ধারক, শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ সফর হচ্ছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। সফরকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন।

১৮ সদস্যের এই প্রতিনিধিদলে ভারতের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে আছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে এল্লা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ এবং এলএমডব্লিউ গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা পি জে রাজেশ।

এ ছাড়া মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান কৃষ্ণা খাটোওয়ানি, ফোর্বস মার্শালের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) এম এস গুরু প্রসাদসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

সফরের দ্বিতীয় দিন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেবেন। একই দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

এমন এক সময়ে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসছে, যখন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। গত দুই বছরে সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে দুই দেশের আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যও বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে পারে প্রতিনিধিদলটি।

সফরে বাংলাদেশের বাজারে ভারতের পণ্যের প্রবেশ, বাংলাদেশের পণ্যের জন্য ভারতের বাজারে সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়নসহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। বিপরীতে, বাংলাদেশ ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।