প্রচ্ছদ জাতীয় আইনশৃঙ্খলা নিয়ে বড় বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর, চাইলেন আরও সময়

আইনশৃঙ্খলা নিয়ে বড় বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর, চাইলেন আরও সময়

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরও জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও উন্নত করতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের ১৮০ দিনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্তুষ্টির বিষয়টি জনগণই মূল্যায়ন করবে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতির জন্য সময় প্রয়োজন।

তিনি বলেন, সরকারের ছয় মাসের মধ্যে অনেক সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগও মানুষ দেখেছে। একই সময়ে সরকার একাধিক সংকটময় পরিস্থিতি মোকাবিলা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে সংকট তৈরি হলেও বাংলাদেশে প্রায় এক মাস জ্বালানির দাম বাড়ানো হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ওই সময়ে বিশ্বের অনেক দেশে, এমনকি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছিল। তবে বোরো মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। পরে সহনীয় মাত্রায় জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

গ্যাস ও জ্বালানি সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি এসব সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তবে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্দিষ্ট সময়ের জন্য মজুত নিশ্চিত করতে সরকার পরিকল্পনা করছে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, মহেশখালীতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের জন্য স্থান নির্বাচন ও জরিপের কাজ চলছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে আরও একটি বা দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দেশের গ্যাস আমদানিনির্ভরতা কমাতে অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাসের মাধ্যমে সংকট মোকাবিলার আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির অগ্রগতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের উপাসনালয়ের কর্মকর্তাদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্রীড়াবিদ ও সংস্কৃতিজীবীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও সরকারের পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রম ও অগ্রগতির একটি সংকলন প্রধানমন্ত্রীর প্রেস সেকশন থেকে গণমাধ্যমে প্রকাশ করা হবে।