
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। ইসির তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য তিনটি মনোনয়নপত্র তোলা হয়েছে। এর মধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সংগ্রহ করা হয়েছে একটি মনোনয়নপত্র।
এখন প্রশ্ন উঠেছে—দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কতজন? তিনটি মনোনয়নপত্র তোলায় অনেকে মনে করছেন, প্রার্থী তিনজন হতে পারেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে একজনই প্রার্থী দেবে বিএনপি। আগামীকাল বিএনপি তাদের প্রার্থী ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ একটি মনোনয়নপত্রে কোনো ভুলত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়ার পথে। এ ছাড়া দু-একজনের নাম আলোচনায় আছে।
অন্যদিকে, ১১ দলীয় জোট থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয়েছে। গত রবিবার জোটের বৈঠক শেষে প্রার্থী ঘোষণা করেন জোটের নেতারা। পরদিন সোমবার জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী একজন হলে এবং যাচাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য তাদের নাম ঘোষণা করবে কমিশন। তখন সংসদ অধিবেশন না থাকলে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে বলে ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, অধিবেশনটি স্বল্পমেয়াদি হবে।
আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামীকাল ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ইসি সূত্র অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন, বাছাইয়ে একটি চূড়ান্ত হবে। ভোট হবে ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে।
সূত্র: কালের কণ্ঠ











































