
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভারতের জেলে থাকা নিয়ে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের করা মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সম্পর্কে মন্তব্য করেছে, তিনি ভারতে জেলে থাকা অবস্থায় বলেছেন, র্যাব আমাকে মেরে ফেলবে…. ইত্যাদি !’
জামায়াত নেতা ব্যারিস্টার আরমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, ‘যাকে ৬১ দিন গুম করে রাখা হয়, তাকে মেরে ফেলা কি খুব অস্বাভাবিক বিষয় ছিলো? জামায়াত নেতা ব্যারিস্টার আরমানদেরও আয়না ঘরে রাখা হয়!’
তিনি আরও লেখেন, ‘কিন্তু সেটি নিয়ে কখনো আমরা প্রশ্ন তুলি না। কোনো মানুষ গুম হওয়া মানুষকে নিয়ে প্রশ্ন তুলতে পারে না! আমি খুব অবাক হলাম জামাত এমপি মাসুদ সাঈদী সাহেব ভারতীয় সাংবাদিক সুবীর ভৌতিকের বক্তব্য পোস্ট করেছে। সেটি আবার স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা শেয়ার করেছে!’
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী লেখেন, ‘আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘায়েল করতে এমপি মাসুদ সাঈদী ও রুমিন ফারহানা আপারা ভারতীয় সাংবাদিকের বক্তব্য শেয়ার করছে! অথচ এই রুমিন ফারহানা আপা নিজেও জামায়াত ও এনসিপিকে নিয়ে কতশত তীর্যক মন্তব্য করেছে। তখন জামায়াত এনসিপি তাকে যাচ্ছেতাই বলেছে! নির্বাচন কমিশনে রুমিন ফারহানা আপার সাথে এনসিপির নেতাদের বাকযুদ্ধ তো কেউ ভুলে যাওয়ার কথা নয়।’
সবশেষে বিরোধীদলের বক্তব্য নিয়ে সমালোচনা করে তিনি লেখেন, ‘তখন হাসনাত আব্দুল্লাহরা রুমিন ফারহানা আপাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক ‘ বলেছিলো! কিন্তু আজকে জামায়াত- এনসিপি ও রুমিন ফারহানা আপাদের সবার বক্তব্য ঠিক একই রকম! পরিশেষে এতোটুকু বলেই শেষ করি, যেহেতু ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিষোদগার করেছে, তার মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক পথেই আছেন।’











































